বাঘাইছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বাঘাইছড়ি প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
সভায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, উপজেলার পাঁচটি পূজামণ্ডপের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দীন মজুমদার বলেন, পূজাকে কেন্দ্র করে বাঘাইছড়িতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পূজা চলাকালে মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি প্রয়োজনে বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় উপজেলা প্রশাসনের একটি মনিটরিং টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। নামাজ ও আজানের সময় পূজামণ্ডপে বাদ্যযন্ত্রের শব্দ সীমিত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।











