ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলবিহীন ঘি ব্যবহার

মতিঝিলের হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা এবং লেবেলবিহীন উপাদান ব্যবহারের দায়ে রাজধানীর মতিঝিলের ‘হিরাঝিল হোটেল’কে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিল এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির রান্নাঘরে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করেন পরিদর্শকরা। স্যাঁতসেঁতে মেঝের পাশাপাশি সেখানে ঢাকনাহীন পাত্রে ময়লা-আবর্জনা রাখা ছিল। এছাড়া রান্নার কাজে ব্যবহারের জন্য কোনো ধরনের লেবেল বা মেয়াদ উল্লেখ ছাড়া ঘি মজুত রেখেছিল কর্তৃপক্ষ। একই সাথে কর্মরত শ্রমিকদের হাতে বা মুখে কোনো স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ছিল না এবং প্রতিষ্ঠানটি পানি পরীক্ষার সনদ ও পোকামাকড় নিয়ন্ত্রণের (পেস্ট কন্ট্রোল) কোনো বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অপরাধের বিপরীতে হোটেল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত