রাজস্থলীতে ৪ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও
রাজস্থলী প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার চারটি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও ইউছুপ হাসান শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপিত হবে।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা আশিষ ভৌমিক, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মো. আজগর আলী খান, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিমুল দাস, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজস্থলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











