পাহাড়ের জুমচাষে আশানুরূপ ফলন, লাভের আশায় কৃষকেরা
বরকল প্রতিনিধি:
রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর জুমচাষে আশানুরূপ ফলন হয়েছে। বিশেষ করে জুমের হলুদে ভালো ফলন পাওয়ায় লাভের আশায় দিন গুনছেন পাহাড়ের জুমচাষি কৃষকেরা।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে জুমের ফসলের উৎপাদন পরিস্থিতি দেখা এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর জুমের ধানের পাশাপাশি হলুদের ফলনও বেশ ভালো হয়েছে। এতে কৃষকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
১৬৪ নম্বর সাইচাল মৌজার ভোধা পাড়ার বাসিন্দা ত্রিভঙ্গ চাকমা ও শ্যামরাজ চাকমা জানান, এ বছর জুমে ধানের ফলন ভালো হলেও হলুদের ফলন হয়েছে আরও বেশি। কৃষক ত্রিভঙ্গ চাকমা জানান, তাঁর আবাদি জমিতে প্রায় ২০ মণ কাঁচা হলুদ রোপণ করেছেন। সেখান থেকে এ বছর প্রায় ৪০০ থেকে ৫০০ মণ কাঁচা হলুদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই জুমে ধানের ফলনও ভালো হয়েছে বলে জানান তিনি।
এদিকে উপজেলার রামক্ষ্যাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডেও জুমের বিভিন্ন ফসলে ভালো ফলন দেখা গেছে। বিশেষ করে আইমাছড়া ইউনিয়নের অধিকাংশ পাড়া, ভূষণছড়া, বরকল ও বড়হরিণা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুমের হলুদের ফলন আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জুমচাষিরা।
কৃষকেরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর জুমের ফসল ভালো হয়েছে। বাজারে হলুদসহ অন্যান্য জুমের ফসলের ন্যায্যমূল্য পাওয়া গেলে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা করছেন তারা।











