সেপ্টেম্বরে বান্দরবানে দেড় লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান পার্বত্য জেলায় সেপ্টেম্বর মাসজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার ২৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ৩০ সেপ্টেম্বর জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখা এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা ৩০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করে। ৯ সেপ্টেম্বর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র ৬০ পিস ইয়াবা, এক বোতল হুইস্কি, এক বোতল বিয়ার ও ৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করে।
১০ সেপ্টেম্বর আলীকদমে ২৮ পিস ইয়াবা ও ৪ হাজার ১০০ টাকা উদ্ধারসহ একজন এবং ১১ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
১২ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ ও দুজনকে গ্রেপ্তার করা হয়। ১৪ সেপ্টেম্বর আলীকদমে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ একজন এবং ১৫ সেপ্টেম্বর ঘুমধুমে ২০ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজিসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ২৫ সেপ্টেম্বর সদর, ২৮ ও ২৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে আরও ২০ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ২৯ সেপ্টেম্বরের অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পাশাপাশি ১১, ১৮ ও ২২ সেপ্টেম্বর লামা ও সদর এলাকায় অভিযান চালিয়ে ১০৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে এক বোতল হুইস্কি ও এক বোতল বিয়ারও।
সেপ্টেম্বরের অভিযানে নগদ ৫ লাখ ৯৪ হাজার ১০০ টাকা, একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, একটি সিএনজি, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।











