রাজস্থলীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত
রাজস্থলী প্রতিনিধি:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটির রাজস্থলীতে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে ইউএনও ইউছুফ হাসান বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজের প্রতিটি পর্যায়ে প্রবীণদের উপযুক্ত মর্যাদা ও সম্মান দিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।











