ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ৭:২২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রিজ-এসি মেরামত প্রশিক্ষণ

বান্দরবান প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানে ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

প্রশিক্ষণ কার্যক্রমে তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিও তারই অংশ।

সম্পর্কিত