ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৬ - ৪:১৪ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

চন্দনাইশে শিক্ষকের বাসায় চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চন্দনাইশ প্রতিনিধি।।

চট্টগ্রামের চন্দনাইশে এক শিক্ষকের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাসার স্টিলের আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় সাড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শিক্ষক রাজন আচার্য্য উপজেলার হাসিমপুর মকবুলিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাটের দক্ষিণে টিংকু ধরের ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করেন।

জানা যায়, প্রভাষক রাজন আচার্য্য তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের পরামর্শ নিতে চট্টগ্রাম শহরে যান। চিকিৎসাজনিত কারণে স্ত্রীকে কয়েকদিনের জন্য এক আত্মীয়ের বাসায় রেখে তিনি বাইরে ছিলেন। এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর বাড়ির মালিক টিংকু ধর ফোন করে জানান, তাদের বাসার দরজা খোলা এবং তালা নেই।

খবর পেয়ে বাসায় ফিরে রাজন আচার্য্য দেখতে পান, বাসার বাইরের ও ভেতরের দরজার তালা নেই। ভেতরে থাকা স্টিলের আলমারিও খোলা এবং কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

পরে আলমারি থেকে তার স্ত্রীর ১টি নেকলেস, ১ জোড়া কানের দুল, ১ জোড়া হাতের বালা, ২টি চেইন ও ৬টি আংটিসহ প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি। ভুক্তভোগীর ধারণা, ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে কোনো একসময় চুরির ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় রাজন আচার্য্য বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর থানার এসআই নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত