নরেন্দ্র মোদীর জন্মদিন
সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটক দল সাজেকের উদ্দেশে রওনা দেয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে যায় সাজেক থানা পুলিশ। পরে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার ইয়াছিন (৩২), পটুয়াখালী জেলার মোঃ সাইফুল ইসলাম (২৭), হবিগঞ্জ জেলার হারুন ইসলাম তুষার (২৬) এবং রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।
সাজেক থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পর্যটনকেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আটক ছয়জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








