রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ব্যাটালিয়নের বাস্কেটবল মাঠ ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি।
সভায় সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন বন্ধে সতর্কতা জোরদার, এবং চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রমের মতো অপরাধ দমনে প্রশাসনকে দ্রুত অবহিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গ্রামীণ সড়ক ও মহাসড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি সীমান্ত এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
রামগড় জোনের নবাগত উপ-অধিনায়ক মেজর মঈনুল সভা সঞ্চালনা করেন। বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনগণকে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত অবহিত করার জন্য সহযোগিতা কামনা করা হয়।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।
সভায় বক্তব্য রাখেন রামগড় থানার উপ-পরিদর্শক আনসার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, নারী কার্বারী চাইওয়া চৌধুরী, নারী নেত্রী লিলি মারমা এবং রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক (এডি) শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা এবং সদস্য সাইফুল ইসলাম ও এমদাদুল হক (খান) প্রমুখ।











