কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫-এর ৫(ক) ধারা অনুযায়ী অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ২টি গাড়া জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কাপ্তাই উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অন্যদিকে উদ্ধারকৃত গাড়া জাল মৎস্য অফিসে সংরক্ষণ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।











