ঢাকা | জুন ১১, ২০২৬ - ৮:১১ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:07 pm

 

আনোয়ারা প্রতিনিধি:

 

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল হান্নান শাহ্ ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন (সোমবার) থেকে শুরু হওয়া ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নিলেও বৃহস্পতিবার তার কোনো পরীক্ষা ছিল না। এ কারণে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন সকালে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে যান তিনি। গাছ কাটার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের তারের সঙ্গে গাছের সংস্পর্শ ঘটে। এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষা উপলক্ষে ছুটিতে তিনি বাড়িতে যান। বৃহস্পতিবার তার পরীক্ষা না থাকায় সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। :::