ঢাকা | জুন ১৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

আদ্‌-দ্বীনের রোগীদের ছয় সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ

  • আপডেট: Friday, June 12, 2026 - 10:52 pm

ডেস্ক রিপোর্ট।। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ জুনের স্মারক মোতাবেক আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে তাদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হলো।

যেসব হাসপাতালে রেফারের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো-

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে লাইসেন্স বাতিল করে সরকার। পরে হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। একদিনের ব্যবধানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমে বর্তমানে ২৪৩ জনে নেমে এসেছে।

তবে সমস্যায় পড়েছেন জটিল রোগে আক্রান্ত রোগীরা। আদ্-দ্বীন হাসপাতালের মতো স্বল্প খরচে আইসিইউ বা এইচডিইউ কোথায় পাবেন, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। গুরুতর অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালটিকে সুযোগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দাবি জানিয়েছেন অনেকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এনআইসিইউতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০, আইসিইউ ও এইচডিইউতে আছেন ১৩ জন। সবমিলিয়ে মুমূর্ষু রোগীর সংখ্যা প্রায় ৭০। এসব রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাতিল করে ভবন পুনর্নির্মাণের জন্য ৩ মাস সময় চেয়েছে আদ-দ্বীন কর্তৃপক্ষ।

অন্যদিকে হাসপাতালের মুমূর্ষু রোগীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা দেয়ার কথা থাকলেও, শুক্রবার তাদের কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীদের স্বজনেরা।