ঢাকা | জুন ১১, ২০২৬ - ৮:১২ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটম জব্দ, আটক ৩

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:09 pm

 

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

 

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ঈদগাঁও থানা পুলিশ। ১১ জুন ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন জিল্লুর রহমান (২৫) ও মো. কাইয়ুম (২৭), উভয়ই মধ্যম পোকখালী, ঈদগাঁও থানা, কক্সবাজার এবং মো. নুরুল হুদা ভুট্টু (২৫), ওয়াহেদের পাড়া, ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও থানা, কক্সবাজার।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি তিন চাকার মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ সেটির পিছু নেয়। পরে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় রাস্তার ওপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ।

 

তল্লাশিতে গাড়ি থেকে মোট ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আঠারো লক্ষ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটম গাড়িটিও জব্দ করা হয়।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মজিদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১২/৭৪, তারিখ ১১-০৬-২০২৬।