আ.লীগ পালিয়েছে যে পথে, ইউনূস আমলে ব্যাংক দখলকারীরাও পালাবে সে পথে’ এমপি নুরুল আমিন
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আওয়ামী লীগ আমলে একদল ব্যাংক লুট করেছে। ইউনূসের আমলে আরেকদল ব্যাংক দখল করেছে। আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, ইউনূসের আমলে ব্যাংক দখলকারীরাও একদিন সেভাবে পালিয়ে যাবে।’
তিনি শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তেতৈয়া দাওয়াতুল ইসলাম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মনজুর হোসেনের সভাপতিত্বে ও সুপার মুহাম্মদ মফিজুর রহমান এবং শিক্ষক মাওলানা নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুদ্দিন জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
নুরুল আমিন আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতি জীবনের একটি অংশ। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিতে মনোনিবেশ করতে হবে। তিনি মাদ্রাসার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।











