ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানীর রামপুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু, চালক আটক

  • আপডেট: Thursday, July 30, 2026 - 8:03 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর রামপুরা ব্রীজ এলাকায় আলিফ এন্টারপ্রাইজের বাসের চাকায় পিষ্ট হয়ে এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আলিফ এন্টারপ্রাইজের একটি বাস মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি রামপুরা ব্রিজের ঢালে বনশ্রীমুখী সড়কে পৌঁছালে এক যাত্রী বাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। এ সময় তার মাথা বাসের সামনের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির পরিচয় জাতীয় পরিচয়পত্রের (NID) মাধ্যমে শনাক্ত করেছে পুলিশ। তিনি হলেন শাহ খন্দকার সাজেদুল আলম (৫০)। তার পিতা শাহ খন্দকার নজরুল আলম এবং মাতা নূরুন নাহার আলম। তিনি ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা।

ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে। আটক চালকের নাম মো. সাব্বির (২৭)। তিনি ঝালকাঠি জেলার পালবাড়ি গ্রামের বাসিন্দা।

আটক বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৪০৫। নিহতের মরদেহ উদ্ধার করে রামপুরা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।