বরকলে ১২ বিজিবির অভিযানে ৩৩ ঘনফুট সেগুন গোলকাঠ আটক
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোলকাঠ আটক করা হয়েছে। ছোট হরিণা জোন (১২ বিজিবি) অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার এসব কাঠ জব্দ করে।
শনিবার (১৮ এপ্রিল) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর বাজার চেকপোস্টের সামনে একটি ভাসমান নৌকা তল্লাশি করে ব্যাটালিয়ন সদরের টহলদল ৩৩ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা।
১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা।











