বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও, হয়রানিমুক্ত সেবার দাবি
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের দাবিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে শতাধিক গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা তিন দিনের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন।
বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় প্রায় দুই মাস ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে একাধিকবার আবাসিক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
গ্রাহকদের আরও দাবি, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য আবাসিক প্রকৌশলী ৮০ হাজার টাকা দাবি করেন। পরে স্থানীয়রা চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এ কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।
এ ছাড়া আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, ফোন রিসিভ করেন না এবং মিটার রিডিং না নিয়েই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয় বলেও অভিযোগ করেন আন্দোলনকারী গ্রাহকরা।
তবে অভিযোগ অস্বীকার না করে আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, “আমাদের জনবলসহ নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু ব্যয় হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যেও মতবিরোধ থাকায় সমস্যা আরও জটিল হয়েছে। তবে আগামী রোববারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।











