অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ৫০ জন ভুক্তভোগী উদ্ধার: ৯ মানবপাচারকারী আটক
এম এ হাসান, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়।
শনিবার (৬ জুন) দুপুরে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমাঃ মোঃ মুত্তাকিন সিদ্দিকী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক মানুষকে মানবপাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৫ জুন ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
লেঃ কমাঃ মোঃ মুত্তাকিন সিদ্দিকী আরও বলেন, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











