ঢাকা | জুন ৬, ২০২৬ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Saturday, June 6, 2026 - 5:27 pm

মু. আজিজ।।

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি দোকানসংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি।

 

একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায় এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট সাইরা মনির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।