ঢাকা | জুন ৬, ২০২৬ - ৬:৫১ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়ি ঢলে বিধ্বস্ত মহালছড়ির ক্যায়াংঘাট সড়ক, ফসলি জমি এখন বালুর চর: টেকসই মেরামতের দাবি

  • আপডেট: Saturday, June 6, 2026 - 5:25 pm

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৩ নং ক্যায়াংঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের একমাত্র সচল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি পাহাড়ি ঢলের তোড়ে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্যায়াংঘাট গুচ্ছ গ্রাম থেকে নতুন বাজার এলাকা হয়ে বিভিন্ন দিকে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি ভেঙে যাওয়ায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধের উপক্রম এবং জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টিপাত ও পাহাড় থেকে নেমে আসা তীব্র ঢলের পানির কারণে সড়কটির বিভিন্ন অংশ ধসে গেছে। শুধু যাতায়াত ব্যবস্থাপনাই নয়, পাহাড়ি ঢলের সঙ্গে ধেয়ে আসা বিপুল পরিমাণ বালু রাস্তার পাশের উর্বর ও সবজি চাষযোগ্য জমিতে আছড়ে পড়েছে। এতে মুহূর্তের মধ্যেই বিঘার পর বিঘা আবাদি জমি ধু-ধু বালুর চরে পরিণত হয়েছে। ফলে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে এলাকার প্রান্তিক সবজি চাষিরা পড়েছেন অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি বর্তমানে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী। স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখনো বর্ষাকাল শেষ হতে অনেক সময় বাকি। এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে সামনের দিনগুলোতে পাহাড়ি ঢলের তোড়ে রাস্তার অবশিষ্ট ইটগুলোও ভেসে যাবে এবং পুরো সড়কের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।”

সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে উপজেলার একটি বড় অংশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এমতাবস্থায়, জনস্বার্থ ও হাজারো মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। লোকদেখানো বা জোড়াতালির সাময়িক কোনো কাজ না করে, পাহাড়ি ঢল প্রতিরোধে সক্ষম একটি দীর্ঘমেয়াদি ও টেকসই মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।