অটোরিকশা থেকে পড়ে আহত স্কুলছাত্রী সাফা আক্তার
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে চলন্ত অটোরিকশা থেকে পড়ে আহত হয়েছেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফা আক্তার। তিনি রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খানের কন্যা।
মঙ্গলবার (১৯ মে) সকালে বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে আহত হয় সাফা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাঙ্গালহালিয়ার মুনাফ ডাক্তারের কাছে নিয়ে যান।
পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাফা আক্তারের পিতা মোঃ সুমন খান বলেন, “হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।”
এদিকে এলাকাবাসী সড়কে শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অটোরিকশায় যাতায়াতের সময় অভিভাবক ও চালকদের দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।











