প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ
ডেস্ক রিপোর্ট।। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত।
এছাড়াও, সৌদির সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। অর্থনৈতিক সম্পর্কও আরও জোরদার হবে বলে জানান উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি যুবরাজের পাঠানো চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।











