ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

  • আপডেট: Sunday, July 5, 2026 - 4:45 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

জানা গেছে, সরকারি দায়িত্ব পালন করতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার সময় অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।