ঢাকা | মে ১৯, ২০২৬ - ৯:৪০ অপরাহ্ন

চন্দনাইশে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 8:30 pm

চন্দনাইশ প্রতিনিধি:

সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা এম এ হাশেম রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুশ্মি চাকমা, সমাজসেবা কর্মকর্তা রাশেদ আহমদ, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, থানার তদন্ত কর্মকর্তা লিটন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন এবং বাংলাদেশ পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, ভূমি সেবা পেতে জনগণ যেন কোনো তৃতীয় পক্ষ বা দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করেন। তিনি ভূমি অফিসকে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের আহ্বান জানান। পাশাপাশি চন্দনাইশে ফসলি জমির মাটি পাচার বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং বালুমহালের ইজারা কার্যক্রমে নিয়ম-নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ভূমি সংক্রান্ত আইন ও বিধি-বিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ওয়ারিশ সংক্রান্ত কারচুপি পরিহার এবং বণ্টননামার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অনলাইনের মাধ্যমে ভূমি সেবা গ্রহণের সুবিধা সম্পর্কেও জনগণকে অবহিত করেন।

পরে শোভাযাত্রা, বেলুন উড়ানো ও ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিস ও বেসরকারি ভূমি সেবা সহায়ক কেন্দ্রের স্টল স্থাপন করা হয়েছে।

মেলা প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি), কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সেবাগ্রহীতাদের আন্তরিকভাবে বিভিন্ন ভূমি সেবা প্রদান করতে দেখা যায়।