ঢাকা | জুন ৬, ২০২৬ - ৮:১০ অপরাহ্ন

শিরোনাম

জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে চৌগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট: Saturday, June 6, 2026 - 4:51 pm

ডেস্ক রিপোর্ট।। যশোরের চৌগাছায় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠে যশোর মেডিসিন ব্যাংকের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।

মেডিকেল ক্যাম্পটি সকাল ৯টায় শুরু বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীর পুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।

জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত।

বিশেষ অতিথি ছিলেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ ও যশোর এম এম কলেজের বাংলা বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম, জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দিয়েছেন।  তারা হলেন- ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাসুম রেজা, সার্জন ও প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুর রহমান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার, পুষ্টি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।

উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীদের ঐক্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন।

জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামালতা, পিতম্বরপুর ও ডাইনে (হুদাফতেপুর) গ্রামের শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, চৌগাছার সন্তান সাংবাদিক মুরসালিন নোমানী। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সর্বপরি সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান অঙ্গীকার সেটি বৃহৎ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সংগঠনটি আবারও প্রমাণ করেছে।