বর্ণাঢ্য আয়োজনে বায়োমেড হেলথকেয়ারের নতুন শোরুমের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক।। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্যানফোর্স ইন্টারন্যাশনালের অঙ্গপ্রতিষ্ঠান বায়োমেড হেলথকেয়ার (BioMED HealthCare)-এর নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার আজাদ সেন্টারের তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়।
স্যানফোর্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. মিজানুর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বায়োমেড হেলথকেয়ার ও স্যানফোর্স ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি হলো সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও দলগত কাজ। তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম, উন্নত প্রযুক্তি এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জি. মিজানুর রহমান বলেন, “আমাদের পথচলার ছয় বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছি। মহান আল্লাহর অশেষ রহমত এবং সকলের দোয়া ও সহযোগিতায় আজ নতুন শোরুম উদ্বোধন করতে পেরেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আধুনিক, মানসম্মত ও বিশ্বস্ত সেবা প্রদানের মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্যানফোর্স ইন্টারন্যাশনাল ২০ মার্চ ২০২০ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং কর্পোরেট সেবা প্রদান করে আসছে। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে এর অঙ্গপ্রতিষ্ঠান বায়োমেড হেলথকেয়ার যাত্রা শুরু করে, যা চিকিৎসা সরঞ্জাম বিপণন ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট পণ্য সরবরাহে কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. তাইজুল ইসলাম। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।











