রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান ও কারবারীদের অংশগ্রহণে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি-এর নির্দেশনায় এবং রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকতের তত্ত্বাবধানে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেজর হাফিজ আহম্মদ সৈকত।
সম্মেলনটি সাব-জোনের নিয়মিত মাসিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, প্রয়োজন এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মেজর হাফিজ আহম্মদ সৈকত বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শান্তি, নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে এলাকায় শান্তি থাকবে, সেই এলাকার উন্নয়ন হবে। অস্ত্রধারী সন্ত্রাসীরা কখনো উন্নয়ন চায় না। তাই সন্ত্রাস ও চাঁদাবাজি যেই করুক না কেন, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
মাদকের বিষয়ে তিনি বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য পেলে উপজেলা প্রশাসনের সমন্বয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিগগিরই একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমাসহ বিভিন্ন মৌজার ৯ জন ইউপি সদস্য, ৮ জন হেডম্যান, ১০২ জন কারবারী এবং গণমাধ্যমকর্মীরা।
ছবির ক্যাপশন: রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত হেডম্যান-কারবারী সম্মেলনে বক্তব্য রাখছেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত।











