ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:০৬ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে

  • আপডেট: Sunday, July 26, 2026 - 11:59 am

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মার্ট কৃষি কার্ডের জন্য কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ কার্যক্রমে কৃষকদের নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি কৃষি সুবিধার আওতায় আনা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভূমিহীন, বর্গাচাষি ও বড় কৃষকসহ প্রায় দেড় শতাধিক কৃষকের তথ্য সংগ্রহ করা হয়।

ঈদগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, ২৬ ও ২৮ জুলাই আংশিকভাবে ১ নম্বর ওয়ার্ডে আবারও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও জানান, ঈদগাঁও ইউনিয়নে প্রায় ১ হাজার ৫০০ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তথ্য সংগ্রহ কার্যক্রমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আব্দুল্লাহ আল নোমান, আবেদা নাসরিন তন্নী, বিপন বড়ুয়া, শাহেদ কায়ছার এবং আনোয়ারুল আজিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে, ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া জানান, আগামী ৪ আগস্ট এ তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হবে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৭ শতাধিক কৃষকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, স্মার্ট কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা পাবেন। এর মধ্যে রয়েছে সার, বীজ ও কৃষিযন্ত্রপাতি প্রাপ্তি, কৃষি ঋণ ও কৃষি বীমা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, নার্সারি ও সেচ সুবিধা, কৃষিপণ্য বিপণনে সহায়তা, রোগ-বালাই দমনে পরামর্শ, কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা, কৃষি খাতে ভর্তুকি এবং ন্যায্যমূল্যে সার প্রাপ্তির সুযোগ। পাশাপাশি স্মার্ট কৃষি কার্ড কৃষকদের জন্য একটি সরকারি স্বীকৃতি হিসেবেও বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।