ঢাকা | জুলাই ২৭, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

২০ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট: Sunday, July 26, 2026 - 11:27 pm

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর পার্বত্য বান্দরবান জেলার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মার্মার ছেলে।

র‍্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উসিংনু মার্মাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই মামলায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের আদেশও রয়েছে।

আদালতের রায় ঘোষণার পর থেকে সাজা এড়াতে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস, হত্যা, মাদক ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।