রাজস্থলীতে পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই জোনের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বাঙ্গালহালিয়া সাবজোন এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন কাকড়াছড়ি এলাকার ৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে শুকনো খাদ্যসামগ্রী এবং গৃহনির্মাণের জন্য টিন তুলে দেন।
এসময় ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার), কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।











