ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

বরকলে বন্যাদুর্গত আরও ৩০ পরিবারকে ত্রাণ দিল ১২ বিজিবি

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 7:03 pm

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিনা জোন (১২ বিজিবি) বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। সোমবার (১৪ জুলাই) জোনের উদ্যোগে উপজেলার সেগুনবাগান, হারুনটিলা, এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র এবং আমতলী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৩০টি পরিবারের শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সুপেয় পানি। পাশাপাশি মীরপাড়া নুরানি তালিমুল কুরআন একাডেমির শিক্ষকদের সম্মানী হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট নিরসনে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা সুশৃঙ্খলভাবে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে ত্রাণ বিতরণ করেন।

এ সময় ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, পিএসসি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি আমতলী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং পানি বাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি আশ্বস্ত করেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ছোট হরিনা জোন খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছে।”

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণপ্রাপ্ত পানিবন্দী ও সুবিধাবঞ্চিত মানুষ বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।