ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৫:১৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ, জাতীয় ফল মেলার উদ্বোধন

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 3:52 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃক্ষের চারা, জৈব সার, সবজির বীজ, লেবুর চারা, বাঁশের খুঁটি ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

এসময় ইউএনও বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় কৃষকদের মাঝে বৃক্ষের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। তিনি কৃষকদের নিজ নিজ আঙিনা ও জমিতে এসব চারা রোপণের আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

এসময় উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব জানান, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪১০ জন কৃষককে জনপ্রতি পাঁচটি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। এছাড়া আরও ২০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা এবং ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি চাষে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।