ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

হ্লাপাই মুখপাড়ায় ৭৫ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 8:13 pm

বান্দরবান প্রতিনিধি: টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের হ্লাপাই মুখপাড়া এলাকার ৭৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নির্দেশনায় বন্যাকবলিত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান তাদের নিয়মিত দায়িত্বের অংশ। চলমান বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজিবি সেক্টর সদর দপ্তর, বান্দরবানের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি।