ঢাকা | জুন ৯, ২০২৬ - ২:০৭ অপরাহ্ন

শিরোনাম

বিশ্বকাপের আর বাকি দুইদিন: পেরুকে হারিয়ে জয়ে ফিরল স্পেন

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 11:32 am

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের মহোৎসব শুরু হওয়ার দুই দিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে অন্যতম ফেবারিট স্পেন। আজ পেরুর মুখোমুখি হয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

মেক্সিকোর পুয়েব্লা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮ টায় শুরু হওয়া ম্যাচে স্পেনের জয় ৩-১ ব্যবধানে। বৃহস্পতিবার ইরাকের সঙ্গে ড্রয়ের পর এই জয়ে স্বস্তিতে ফিরল লা রোজারা।

ম্যাচের শুরু থেকেই পেরুর রক্ষণভাগকে চেপে ধরে স্পেন। মাত্র দুই মিনিটের মাথায় বক্সের প্রান্ত থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। ফেরান তোরেসের চমৎকার এক ক্রস থেকে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেনের আক্রমণ সামলাতে গিয়ে বড় ভুল করে বসেন পেরুর গোলকিপার পেদ্রো গালেসে। ইয়েরেমি পিনোর একটি ক্রস ফেরাতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

ম্যাচের শেষ দিকে পেরুর হয়ে জাইরো ভেলেজ একটি সান্ত্বনাসূচক গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো পুয়েব্লা স্টেডিয়াম জুড়েই ছিল উৎসবের আমেজ। গ্যালারিতে স্পেনের জার্সির পাশাপাশি বার্সেলোনার জার্সির আধিক্য ছিল চোখে পড়ার মতো।

ম্যাচ চলাকালীন পেদ্রি, রদ্রি এবং ফেরান তোরেসদের প্রতিটি মুভমেন্টে গ্যালারি থেকে তুমুল করতালির পাশাপাশি মেক্সিকান ওয়েভে মেতে ওঠেন দর্শকরা। মাঠের বাইরে কঠোর নিরাপত্তা প্রোটোকল থাকলেও ফুটবলপ্রেমীদের উন্মাদনায় কোনো কমতি ছিল না।

১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে স্পেন। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ এর চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে স্পেনের অন্য দুই প্রতিপক্ষে সৌদি আরব ও উরুগুয়ে।