ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বিআইডব্লিটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হলেন মো. রাজা মিয়া

  • আপডেট: Saturday, July 11, 2026 - 6:37 pm

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ছাতা মার্কায় ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে মো. রাজা মিয়া।  তিনি ঢাকায় কর্মচারী বিভাগের ডেপুটি চিফ পার্সোনেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি ফজলে রাব্বি-জাফর-তানভির পরিষদ থেকে এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন নৌপথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার (১০ জুলাই) সকালে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত হয়ে রাজা মিয়া বলেন, বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে বিজয়ী সকলকে অভিনন্দন। আমাদের ছাতা প্যানেলে যারা ভোট দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে যে সকল সম্মানিত ভোটারদের ভোট, ভালোবাসা দোয়া ও সমর্থনে আমি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছি, তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের আগামীর পথচলা হোক সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিআইডব্লিউটিসির কল্যাণে। বিআইডব্লিউটিসির উন্নয়ন ও কর্মকর্তাদের ন্যায্য দাবি আদায়ে সততার সাথে কাজ করার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি আটজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে মোট ৭০ জন প্রার্থী অংশ নেন। মানসুরা-শাহ আলম-রুবেলুজ্জামান পরিষদের প্রতীক ছিল ‘চেয়ার’ এবং ফজলে রাব্বি-জাফর-তানভির পরিষদের প্রতীক ছিল ‘ছাতা’। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৬৬ জন।

ভোটাররা জানান, তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছেন। নির্বাচিত প্রতিনিধিরা কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

প্রার্থীরাও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন। নির্বাচিত হলে কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ এবং সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।