ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম

টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্ম, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরুণ উদ্যোক্তা

  • আপডেট: Saturday, July 11, 2026 - 6:32 pm

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে একটি পোল্ট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি মারা গেছে। এতে তরুণ উদ্যোক্তা সাদেকের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে সাদেক পোল্ট্রি ফার্মটি তলিয়ে যায়। ফার্মটিতে প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের প্রায় দেড় হাজার ব্রয়লার মুরগি ছিল। রাত ১টার দিকে খবর পেয়ে সাদেক ফার্মে ছুটে এসে প্রাণপণ চেষ্টা করেও একটি মুরগিও রক্ষা করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা সাদেক জানান, বেকারত্ব দূর করতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি পোল্ট্রি খামার গড়ে তুলেছিলেন। কিন্তু আকস্মিক বন্যার পানিতে তার সব মুরগি মারা যাওয়ায় তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। একই সঙ্গে তার বসতঘরেও পানি প্রবেশ করায় পরিবার নিয়ে দুর্ভোগে দিন কাটছে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় সাদেকের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সরকারি সহায়তা ছাড়া তার পক্ষে আবারও ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হবে। তারা ক্ষতিগ্রস্ত এই উদ্যোক্তার জন্য জরুরি সরকারি সহযোগিতার দাবি জানান।

এদিকে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মটি পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস উপস্থিত ছিলেন। তারা ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেন।