ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১০:০০ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ

  • আপডেট: Friday, July 10, 2026 - 9:13 pm

আনোয়ারা সংবাদদাতা :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া ৩০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট নুরুল কবির রানা।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় ভিটা, মুন্সী পাড়া, গাজী মোল্লার বাড়ি এবং ৬ নং ওয়ার্ডের সুজামল্লা পাড়া, পাঁচ সিকদার বাড়ি ও আমিন বাড়ির পানিবন্দি ৩ শত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ এবং ১টি সয়াবিন তেল বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অ্যাডভোকেট নুরুল কবির রানা কোমর ও হাঁটুসমান পানিতে নেমে চাতরী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা, বিশেষ করে ৩ নং কেঁয়াগড় ওয়ার্ডসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। টানা বর্ষণে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে চরম খাদ্যসংকটে পড়েছে। কেউ যেন অভুক্ত না থাকে, সে লক্ষ্যেই প্রথম ধাপে ৩০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “এই দুর্যোগে ঘরে বসে থাকার সুযোগ নেই। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই আমাদের সামাজিক দায়িত্ব।”