ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ৯:২৯ অপরাহ্ন

শিরোনাম

আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসনের খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত

  • আপডেট: Saturday, July 11, 2026 - 8:13 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলায় টানা ভারী বর্ষণ ও কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

গত এক সপ্তাহের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করছে বরকল উপজেলা প্রশাসন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের খোঁজখবর নেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে ইউএনও আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও প্রবীণদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য দীপেন দেওয়ান, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”