ঢাকা | জুন ৩, ২০২৬ - ৮:০৬ অপরাহ্ন

বাউফলে মাদক বিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ডসহ তিনজন আটক

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 6:08 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আটক যারা হলেন- আদাবাড়িয়া ইউনিয়নের উত্তর লক্ষীপাশা গ্রামের মো. খোকন প্যাদা (৩৪), পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হোসেন (৩৭) এবং আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. জামাল মীর (৪২)।

অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. খোকন প্যাদাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. ইলিয়াস হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওই তিনজনকে আটক করা হয়। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এস এম শাহিন পারভেজ বললেন, বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ আইনশৃঙ্খলা সভায় বাউফলে মাদকের বিস্তার নিয়ে অভিযোগ করেছিলেন। তাই আমরা তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করি। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।