ঢাকা | জুন ৩, ২০২৬ - ৭:২৪ অপরাহ্ন

বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 6:05 pm

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

 

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকাজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পানিভর্তি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

 

নিহতদের মধ্যে একজন সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার সৌদি প্রবাসী জাহিদ হাসানের ৫ বছর বয়সী ছেলে আবিদ। জানা যায়, আবিদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। অপরজন পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী গ্রামের প্রবাসী মোহাম্মদ শামসুল হকের ৫ বছর বয়সী ছেলে সোহাগ।

 

জানা যায়, নিহত শিশু আবিদের পিতা জাহিদ হাসান অল্প কিছুদিন আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েছেন। পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

 

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানো জরুরি। সামান্য অসতর্কতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা মন্তব্য করেন।

 

ঘটনার পর এলাকাবাসী নিহত দুই শিশুর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।