ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জায়েন্ট অব পাহাড়তলী একাদশ

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 6:21 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার জায়েন্ট অব পাহাড়তলী একাদশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা রাউজান রাবার বাগান একাদশকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে ৬ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে রাউজান রাবার বাগান একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ৪ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। তিনি বলেন, “জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে সুস্থ ও সুশৃঙ্খল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল ও মো. ইউসুফ আলী।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নোমান ও মোহাম্মদ ওমর ফারুক সিকদার (মনা)। ধারাভাষ্য প্রদান করেন ওসমান গনি তনু।

উল্লেখ্য, এবারের শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।