আলোচিত জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুট্টাপাড়া এলাকার বাসিন্দারা।
আজ রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে ‘কুট্টা পাড়াবাসী’ ব্যানারে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীরা জিহাদ হত্যার প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে হাইওয়ে থানা, সরাইল থানা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত ১০ জুলাই রাতে কুট্টাপাড়া হাইওয়ে থানার পূর্ব পাশে সেতুর কাছে কুট্টাপাড়া গ্রামের ১৭ বছর বয়সী কিশোর জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।











