দীঘিনালায় অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতার বসতঘর ভস্মীভূত
দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত লোকমান হোসেন জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুপক কান্তি সরকার জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।











