ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৫:২০ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

  • আপডেট: Monday, July 13, 2026 - 4:14 pm

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৩ জুলাই) বান্দরবান সদর জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় নিয়মিত সেনা টহলের সময় রাস্তার পাশে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা কাঠবোঝাই একটি টয়োটা পিকআপ (লট নং-৩৮) সেনা সদস্যদের নজরে আসে।

এ সময় কাঠের মালিক মিলন বড়ুয়া (সাং- বালাঘাটা, বান্দরবান সদর)কে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে তিনি প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠের বৈধতা যাচাই করেন। বৈধ কাগজপত্র না থাকায় জব্দকৃত কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয় এবং প্রচলিত বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সেনাবাহিনী জানায়, অভিযানে মোট ৭৭৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে। যার মোট আয়তন ৪৯৩ দশমিক ৩৪ ঘনফুট এবং আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।