ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৬:০০ অপরাহ্ন

শিরোনাম

ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে যা বললেন সাদিক কায়েম

  • আপডেট: Monday, July 13, 2026 - 4:51 pm

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিদায়কালে তার দায়িত্ব ছিল ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ষান্মাসিক প্রোগ্রাম। সে উপলক্ষে আজ বৈঠকে আমি, সাদিক কায়েম ভাইসহ আরও ৯ জন দায়িত্বশীলকে সংগঠন থেকে বিদায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। ছাত্রত্ব ও সাংগঠনিক দায়িত্ব শেষ করে সাংঠনিক প্রক্রিয়ায় প্রতি ছয় মাস পর পর দায়িত্বশীলদের বিদায় দেওয়া হয়।

বিদায়ীরা হলেন- কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এদিকে বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে সাদিক কায়েম লিখেছেন- ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’

এদিন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রশিবির থেকে তার বিদায় নিয়ে মন্তব্য করেন সাদিক কায়েম।

স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।

সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে। এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলিকে পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্রশিবিরই আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পরিপূর্ণ পথনির্দেশনা দিয়েছে।

সাদিক কায়েম লেখেন, পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। পুরোটা সময় জুড়ে নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি।

ডাকসু ভিপি লেখেন, দোয়া করি, আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলোকে কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তাওফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। আমিন।