ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৪:০৮ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

  • আপডেট: Monday, July 13, 2026 - 2:49 pm

বান্দরবান প্রতিনিধি:

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা পাড়া ও বিজিবি পাড়া এলাকার ১০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (১৩ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নির্দেশনায় বন্যাকবলিত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু এবং ১ লিটার ভোজ্য তেল তুলে দেওয়া হয়।

 

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানেও বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।