ঢাকা | মে ২১, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা ক্যাম্প

  • আপডেট: Thursday, May 21, 2026 - 6:41 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

বাংলাদেশের দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চর্মস্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় বিনামূল্যে চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের অধীন পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

“Skin Health Care for Underprivileged People of Remote Hilly Areas of Bangladesh” প্রকল্পের আওতায় বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক চর্মরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সাজিয়া আফরিন, ডা. তৌহিদা নুর, ডা. ইয়াসমিন আরা জামান এবং ডা. মহুয়া মজুমদার।

এ সময় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ন এ সাংমার নেতৃত্বে হাসপাতালের নার্স ও স্টাফরা সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক সংস্থা International League of Dermatological Societies-এর Dermlink Grant 2026 এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিশেষায়িত চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।