সীমান্তে পুশইন প্রতিরোধে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা
বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইাহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে ৫৪ বিজিবির অধিনায়কের দিকনির্দেশনায় নিউ শিয়ালদাহপাড়া টিওবির ক্যাম্প কমান্ডারের উদ্যোগে মুগলিপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুগলিপাড়া এলাকার কারবারী কল্পরঞ্জন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সীমান্তবর্তী ভারত থেকে যেন কোনো ধরনের অবৈধ পুশইন না ঘটে এবং কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে ভারতে প্রবেশ না করেন, সে বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
এসময় ক্যাম্প কমান্ডার উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্দেহজনক চলাচল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণ ও বিজিবির পারস্পরিক সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।











