ঢাকা | মে ২১, ২০২৬ - ৭:২৭ অপরাহ্ন

শিরোনাম

লামায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

  • আপডেট: Thursday, May 21, 2026 - 6:13 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মধুঝিরি এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মধুঝিরি এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের টিনসেট বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের বড় অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে ছোট গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কর্মীরা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।